ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহারি এলাকায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। অপরদিকে, দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুৎ সাবস্টেশনের গেটসংলগ্ন খুঁটিতে ধাক্কা খেয়ে আটকে যায়। ট্রাকের ধাক্কায় সড়কের দুই পাশে থাকা তিনটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান। আহতদের মধ্যে বাস ও ট্রাকের চালক এবং হেলপারও রয়েছেন। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বোয়ালমারী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম উৎপল মণ্ডল জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বোয়ালমারী থানার উপপরিদর্শক কোবায়েদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহায়তায় সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





