যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যা, জরুরি অবস্থা ঘোষণা

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে টানা ভারী বৃষ্টিপাত ও ঝড়ের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। হোয়াইট রিভারের পানি বিপৎসীমার অনেক ওপরে উঠে যাওয়ায় নোবেলসভিল ও ইন্ডিয়ানাপোলিসের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এই বন্যাকে কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ দুর্যোগ হিসেবে বর্ণনা করেছেন।

পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে ইন্ডিয়ানাপোলিসের উত্তরাঞ্চলেও। স্থানীয় সময় শনিবার রাতে নোবেলসভিল এলাকায় হোয়াইট রিভারের পানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। প্লাবনের তীব্র আশঙ্কায় নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্ডিয়ানার বিভিন্ন এলাকায় মাত্র দুই দিনের ব্যবধানে ১১ ইঞ্চির বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে হোয়াইট রিভারসহ স্থানীয় নদী ও খালের পানি অস্বাভাবিক হারে বেড়েছে।

ইন্ডিয়ানাপোলিসে অন্তত ৩০ বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় বন্যার ঘটনা। মার্কিন জাতীয় আবহাওয়া সংস্থার মতে, এই বন্যার মাত্রা শতবর্ষে একবার দেখা দিতে পারে এমন পর্যায়ের কাছাকাছি। বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে।

এই দুর্যোগ মোকাবিলায় ইন্ডিয়ানার গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পরবর্তীতে ফেডারেল সহায়তার অনুরোধ জানানো হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জরুরি দুর্যোগ ঘোষণা অনুমোদন করেন। বর্তমানে বিভিন্ন জরুরি সংস্থা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত রয়েছে। যদিও হোয়াইট রিভারের পানি ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে, তবে নতুন করে বৃষ্টির পূর্বাভাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জনসাধারণকে নদী ও প্লাবিত এলাকার কাছাকাছি না যাওয়ার এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন