২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামী ৩ সেপ্টেম্বর এই শুনানির দিন নির্ধারণ করেছেন।
রোববার (১৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সংক্রান্ত বিশেষ শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে গত ২৭ জুলাই রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল। একই দিনে ট্রাইব্যুনাল সেই অভিযোগ আমলে নেন এবং পরবর্তী শুনানির জন্য ১৬ আগস্ট দিন ঠিক করেছিলেন। সেই ধারাবাহিকতায় আজ শুনানি অনুষ্ঠিত হয়েছে।
মামলার কার্যক্রমের অংশ হিসেবে এদিন সকালে কারাগারে থাকা ১১ জন আসামির মধ্যে ডা. দীপু মনিসহ ৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আদালত আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গ্রেফতার হওয়া অন্য দুই আসামিসহ মোট ১১ জনকেই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন।





