বিজ্ঞান, মেধা ও প্রগতির দুরন্ত ছন্দে আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্ব জয় করল বাংলাদেশের তিন খুদে রোবটিক্স উদ্ভাবক। জাপানের ওসাকায় আয়োজিত বহুজাতিক প্রযুক্তি প্রতিযোগিতা ‘RoboRAVE World Championship 2026’-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশের দল ‘Team Atlas’।
বিজয়ী এই দলে রয়েছে সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির তিন মেধাবী শিক্ষার্থী—আলবি আহমেদ খান আহনাফ, অরনী শাহা এবং সাফওয়াত জামান। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তারা এই মহাযুদ্ধে প্রথম স্থান ছিনিয়ে নেয়। ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এই তিন শিক্ষার্থীর সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও অসামান্য প্রযুক্তিগত দক্ষতা আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দেয়।
লাল-সবুজের পতাকা হাতে ওসাকার মাটিতে দাঁড়িয়ে তাদের এই বিশ্বজয় কেবল সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের জন্য নয়, বরং গোটা বাংলাদেশের প্রযুক্তি অঙ্গনের জন্য এক অভূতপূর্ব মাইলফলক। ক্ষুদে এই প্রযুক্তিবিদদের অদম্য অধ্যবসায় ও সাফল্য প্রমাণ করেছে যে, বয়সের সীমানা ছাড়িয়ে স্বপ্ন আর মেধার জোর থাকলে যেকোনো বিশ্বমঞ্চ জয় করা সম্ভব। আন্তর্জাতিক রোবটিক্স মানচিত্রে এই গৌরবময় বিজয় বাংলাদেশের নতুন প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক উদ্ভাবনের পথে এগিয়ে যেতে যুগান্তকারী অনুপ্রেরণা জোগাবে।





