বগুড়া শহরের টিটু মিলনায়তনে শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় জাতীয়তাবাদী তাঁতী দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা তাঁতশিল্পের সংকট নিরসন এবং তাঁতীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দাবি তুলে ধরেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে তাঁতীদের সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ব্যবস্থা করা, ন্যায্যমূল্যে কাঁচামাল সরবরাহ এবং উৎপাদিত পণ্যের বাজার নিশ্চিত করা।
সম্মেলনে আবুল কালাম আজাদ বলেন, তাঁতীদের সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করা গেলে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিল্পটিকে আরও এগিয়ে নিতে পারবেন। এতে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে তাঁতশিল্পের ভূমিকা আরও শক্তিশালী হবে। বক্তারা গত ১৭ বছরে তাঁতীদের বঞ্চনা, অবহেলা ও নিপীড়নের চিত্র তুলে ধরে বলেন, তাঁতী দল একটি সুসংগঠিত সংগঠন হিসেবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগ্রাম ও আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে। তারা আরও বলেন, তাঁতশিল্পের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে টেকসই সমাধানের উদ্যোগ গ্রহণ করা জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ-উন-নবী সালাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা ও জয়নাল আবেদীন চাঁন। এছাড়াও বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর বারী তালুকদার বেলাল এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মো. মজিবুর রহমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেন।





