ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৩ পুলিশ সদস্য

প্রকাশ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে অস্ত্রধারী মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার বিকাল সোয়া ৩টার দিকে ইসদাইর এলাকায় আরবান স্কুলের সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশিদুল। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, অভিযানের সময় জসিম ও মোহনসহ ৭ থেকে ৮ জন মাদক কারবারি পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে রেজ্জাক বেপারীর ছেলে জসিম (২৪) গুলিবিদ্ধ হন। এছাড়া একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন (২৩)-কেও আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

ফতুল্লা থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, অস্ত্রধারীদের হামলায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন