সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল

প্রকাশ:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছিলেন। বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে এমন একটি দলে পরিণত করতে হবে যেন তা সত্যিকার অর্থে রাষ্ট্র পরিচালনায় সক্ষম হয়। তিনি উল্লেখ করেন যে, বিএনপি যে একটি সত্যিকারের দেশপ্রেমিক ও গণতান্ত্রিক দল, তার মূল কারিগর হলেন বেগম খালেদা জিয়া।

অনুষ্ঠানে উপস্থিত থেকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার আদায়ের ক্ষেত্রে খালেদা জিয়া এক মাইলফলক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আরও বলেন, খালেদা জিয়া আপসহীন ছিলেন বলেই বাংলাদেশ আজকের এই অবস্থায় রয়েছে। আমির খসরু দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ক্ষমতায় বিএনপি চলে এলেই সব কিছু পাওয়া হয়ে গেছে এমনটা ভাবা যাবে না। খালেদা জিয়ার আদর্শ ধারণ করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করে দেশের স্বার্থে সব কিছু বাস্তবায়ন করতে হবে।

দোয়া মাহফিলে অংশগ্রহণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন স্বাধীনতাসংগ্রামী। তিনি কোনোদিন কোনো বিষয়ে আপস করেননি এবং নিজের জীবন বাজি রেখে দেশ ও জনগণের অধিকারের জন্য লড়াই করেছেন। অনুষ্ঠানে আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আজ শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পল্টনে বিএনপির পার্টি অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেয়ার করুন