নতুন কমিটির ইঙ্গিত ছাত্রদলের দুই শীর্ষ নেতার বিদায়ী পোস্টে

প্রকাশ:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে পৃথক বিদায়ী পোস্ট দেওয়ার মাধ্যমে সংগঠনের নতুন কমিটির ইঙ্গিত দিয়েছেন। গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের রাতেই সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার ফেসবুকে এক দীর্ঘ পোস্টে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার দায়িত্বকালকে জীবনের শ্রেষ্ঠ অধ্যায় হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন বলে তিনি প্রত্যাশা করেন।

রাকিবুল ইসলাম রাকিব তার পোস্টে ছাত্রদল কেন্দ্রীয় সংসদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের নেতৃবৃন্দের ভূমিকার প্রশংসা করেছেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থান এবং ৫ই আগস্ট, ২০২৪ পরবর্তী পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শত শত মব মোকাবিলায় নেতাকর্মীদের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। তিনি আরও উল্লেখ করেন যে, দায়িত্ব পালনকালে নিজের ভুলত্রুটির জন্য তিনি ক্ষমা চেয়েছেন এবং নিজেকে আরও পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে চান।

অন্যদিকে, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তার ফেসবুক পোস্টে ২০২৪ সালের ১লা মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে কঠিন রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে পথ চলার কথা উল্লেখ করেন। তিনি জুলাই-আগস্ট আন্দোলনের সময় নেতাকর্মীদের সাহসিকতা এবং বন্যার সময় ফেনী ও নোয়াখালীতে ত্রাণ কার্যক্রম পরিচালনার কথা তুলে ধরেন। নাছির জানান, দায়িত্বকালে প্রায় দুই হাজার সাংগঠনিক কমিটি গঠিত হলেও কিছু কমিটি সম্পন্ন করতে না পারার আক্ষেপ তার রয়ে গেছে। তিনি সংগঠনের কেন্দ্রীয় কমিটির বর্ধিত অংশ সম্পন্ন করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

নাছির তার পোস্টে আরও বলেন, ছাত্রদলের স্বার্থের বাইরে গিয়ে কাজ করার ইচ্ছা তার কখনো ছিল না। তিনি আগামী দিনে নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন এবং প্রয়োজনে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। বিদায়ের মুহূর্তে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেয়ার করুন