উত্তরাখণ্ডের টানেলে পানি ও কাদা ধসে ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩

প্রকাশ:

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ টানেলে আকস্মিক পানি ও কাদামাটির প্রবল ঢলে অন্তত ৭ জন শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আরও ৩ জন শ্রমিক এখনো টানেলের ভেতরে আটকা পড়ে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল এখন পর্যন্ত ১৮ জন শ্রমিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ঘটনাটি ঘটে পিপলকোটিতে অবস্থিত তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের (টিএইচডিসি) নির্মাণাধীন একটি টানেলে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যখন এই দুর্ঘটনা ঘটে, তখন সেখানে ২৮ জন শ্রমিক কর্মরত ছিলেন। হঠাৎ প্রবল বেগে পানি ও ভারী ধ্বংসস্তূপ ঢুকে পড়লে অনেক শ্রমিক পানির স্রোতে টানেলের নির্গমন মুখের দিকে ভেসে যান।

জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানিয়েছেন, ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। বর্তমানে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ধ্বংসস্তূপ সরিয়ে ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক দিনের টানা ভারী বর্ষণের ফলে নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণেই এই আকস্মিক দুর্ঘটনা ঘটেছে। আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শেয়ার করুন