বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের ১১টি জেলায় সংঘটিত পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহতের পাশাপাশি আরও অনেকে আহত হয়েছেন।
সবচেয়ে বড় দুটি দুর্ঘটনা ঘটেছে কক্সবাজারের চকরিয়া ও নেত্রকোনায়। এই দুই ঘটনায় চার নারীসহ মোট ৮ জন প্রাণ হারিয়েছেন। কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভোরে বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত ও অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া বিকেলে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া এলাকায় সারবোঝাই ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে।
একই দিনে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, ফেনী, রাজবাড়ী ও যশোরে পৃথক দুর্ঘটনায় আরও ৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী, গাইবান্ধার সাদুল্লাপুর-ভাতগ্রাম সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী এবং ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ায় এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন।
রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী, গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক এবং মুন্সীগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লং হেভিকেলের ধাক্কায় অপর এক মোটরসাইকেল চালক প্রাণ হারিয়েছেন। এছাড়া যশোরের বেনাপোল বাইপাস সড়কে লোহার গ্রিল বোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষক এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।





