শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেছেন।
এর আগে গত ১২ জুলাই আদালত তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তার আবেদন গ্রহণ করে জামিন প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৫ নভেম্বর ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’ নামক প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম ঢাকার আদালতে এই মামলাটি দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, অভিনেত্রী তানজিন তিশা ওই প্রতিষ্ঠান থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন। শাড়িটির প্রচারণা করবেন এবং মূল্য পরিশোধ করবেন—এমন প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তিনি কোনো টাকা পরিশোধ করেননি এবং প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।
মামলাটি দায়েরের পর আদালত তদন্তের দায়িত্ব দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি)। ডিবি তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদন আমলে নিয়ে আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়ে জামিন নিলেন।





