অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন শুরুর একটি কর্মপরিকল্পনা নিয়ে সব ধরনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-আরএফইডি আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, কোন নির্বাচন কখন অনুষ্ঠিত হবে, তা সরকারের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত করা হবে।
কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, স্থানীয় সরকারের সীমানা নির্ধারণ ও এ সংক্রান্ত জটিলতা নিরসনে সরকারের সঙ্গে আলোচনা করা জরুরি। এই সমস্যা দ্রুত সমাধানের জন্য সরকারকে চিঠি দেওয়া হবে এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তালিকাও চাওয়া হবে। বাস্তবতা বিবেচনায় নিয়ে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে প্রক্রিয়াটি শুরু করার পক্ষে কমিশন। তিনি বলেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। অগ্রাধিকার ভিত্তিতে আলোচনার মাধ্যমে তফসিল ঘোষণা করা হবে। ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন না হলে উপজেলা পরিষদ গঠন করা যায় না, তাই এই নির্বাচনগুলো আগে হওয়া যৌক্তিক। তবে সিটি করপোরেশনের বিষয়টি ভিন্ন, যা বর্তমানে প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটের অন্তত ৪৫ দিন আগে তফসিল ঘোষণার প্রস্তুতি ইসি রাখবে। বিপুল লোকবল সম্পৃক্ত থাকায় নির্বাচনের সময় নির্ধারণে সরকারের সঙ্গে লিখিত ও অলিখিত বোঝাপড়া থাকা প্রয়োজন। একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, সরকারও এ বিষয়ে সংসদে ইতিবাচক আলোচনা করছে এবং আগামী সপ্তাহ থেকে নির্বাচন কমিশন সচিব এ বিষয়ে নিয়মিত হালনাগাদ তথ্য প্রদান করবেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদ আহমদ এবং ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।





