এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিংয়ের বিকল্প নেই: বিদ্যুৎমন্ত্রী

প্রকাশ:

ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া সরকারের হাতে আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ সংকটের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, এই সংকটকালীন মুহূর্তে তার আসলে কিছু করার নেই। এফএসআরইউ সচল না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ করা সম্ভব নয়। তিনি আরও বলেন, এখন শুধু দিনগোনা ছাড়া আর কোনো উপায় নেই। বর্তমানে প্রকৌশলীরা এফএসআরইউ মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন এবং এর বাইরে তার আর কিছু করার নেই।

বিষয়টি ব্যাখ্যার জন্য মন্ত্রী বলেন, কিছু কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এফএসআরইউ বিকল হয়ে গেছে এবং এটি দ্রুত সারিয়ে তোলার জন্য জোর করার সুযোগ নেই। প্রকৌশলীরা যেভাবে নির্দেশনা দেবেন, সে অনুযায়ীই কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও জানান, মেরামতের জন্য বিদেশ থেকে প্রয়োজনীয় সরঞ্জাম আসার ২৪ ঘণ্টার মধ্যেই তা সাইটে পৌঁছে দেওয়া হয়েছে। এফএসআরইউ মেরামতের মূল দায়িত্ব এর মালিকানা থাকা আমেরিকান কোম্পানির। তবে জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই সমস্যা সমাধানে দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন