উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলের দিকে এগিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সোমবারের (৬ জুলাই) বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, নিম্নচাপটি ২১ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলসহ উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রতিকূল এই আবহাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।





