দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে তিনটি নির্দিষ্ট বই রাখার বিষয়ে আগের দেওয়া নির্দেশনা বাতিল করা হচ্ছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।
এর আগে গত ৩রা জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল। মন্ত্রণালয়ের উপসচিব রোশন আরা পলির স্বাক্ষর করা ওই চিঠিতে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে তিনটি বইয়ের অন্তত এক সেট করে রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে তা সব বিদ্যালয়ে পাঠানোও হয়েছিল।
নির্দেশনা অনুযায়ী বই তিনটি ছিল মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং তারেক রহমানের লেখা ‘সবার আগে বাংলাদেশ’। বইগুলো জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছিল। এখন সেই নির্দেশনাটিই বাতিল করা হচ্ছে।





