৯৩টি ক্লাবকে নিবন্ধন সনদ দিল বাংলাদেশ উশু ফেডারেশন

প্রকাশ:

বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে দেশের ৯৩টি নিবন্ধিত ক্লাবকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদপত্র প্রদান করা হয়েছে। একই সঙ্গে ফেডারেশনের নবসজ্জিত অফিস কক্ষের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান, এনডিসি। বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু। এছাড়া ফেডারেশনের সহ-সভাপতি এস এম শহিদুল হক ভূঁইয়া এবং কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সিদ্দিকী রুবেলও বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ দৌলতুজ্জামান খান দেশে উশু খেলার প্রসার ও তৃণমূল পর্যায়ে এর বিস্তারে নিবন্ধিত ক্লাবগুলোর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সুশৃঙ্খল ও কার্যকর ক্লাব ব্যবস্থাপনার মাধ্যমে দেশের উশু অঙ্গন আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল্য অর্জনের পথ সুগম হবে।

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম ভূঁইয়া এই নিবন্ধন সনদ প্রদানকে ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি দেশের উশু খেলার সম্প্রসারণে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ৯৩টি নিবন্ধিত ক্লাবের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয় এবং একই সাথে ফেডারেশনের নবসজ্জিত অফিস কক্ষের উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন জেলা ও ক্লাবের প্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং উশু অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন