খেপ খেললে ফুটবলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বাফুফে ও সরকার

প্রকাশ:

দেশের ফুটবলে 'খেপ' শব্দটি বেশ পুরোনো। ভাড়ায় গ্রামগঞ্জের কোনো টুর্নামেন্টে খেলতে যাওয়াকেই মূলত খেপ বলা হয়। অথচ জাতীয় দল কিংবা ক্লাবের চুক্তিবদ্ধ পেশাদার ফুটবলারদের জন্য এই খেপ খেলা সম্পূর্ণ নিষিদ্ধ। সম্প্রতি শেখ মোরছালিন, ফয়সাল আহমেদ ও রাকিব হোসেনের মতো জাতীয় দলের ফুটবলারদের প্রকাশ্যেই স্থানীয় পর্যায়ে খেপ খেলতে দেখা গেছে। বিষয়টি ফুটবল ফেডারেশনের পাশাপাশি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নজরেও এসেছে।

এই অনিয়মের প্রেক্ষিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল খেলোয়াড়দের সতর্কবার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, খেপ খেলার ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে বাফুফে কঠোর ব্যবস্থা নেবে। একই বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও কঠোর অবস্থান নিয়েছেন। তিনি জানান, টাঙ্গাইল ও ঝিনাইদহে গিয়ে তিনি বর্তমান জাতীয় দলের খেলোয়াড়দের খেপ খেলতে দেখেছেন। সরকার খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা চালু করার পরও এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, 'যেখানে আমরা খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতা দিচ্ছি, সরকার তাদের মাসিক ভাতা দিচ্ছে, সে ক্ষেত্রে তাদের খেপ খেলতে যাওয়াটা কতটুকু সমীচীন এবং দেশের ও নিজের প্রতি যে কমিটমেন্টের অভাবÑসেটার কিন্তু বহিঃপ্রকাশ ইতোমধ্যে পেয়েছি।' তিনি খেলোয়াড়দের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, এখন তাদের সতর্ক করা হচ্ছে, তবে পরবর্তীতে সরকার কঠোর ব্যবস্থা নেওয়ার চিন্তা করবে।

খেপ খেলার ফলে খেলোয়াড়দের চোটের ঝুঁকি থাকে, কারণ এসব টুর্নামেন্টের মাঠ সাধারণত অমসৃণ, কাদাটে ও অনিরাপদ হয়। অতীতে এই ধরনের খেপ খেলতে গিয়ে অনেক প্রতিভাবান ফুটবলারের ক্যারিয়ার অকালে শেষ হয়ে গেছে। খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধির পরেও এমন মানসিকতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ২২: ১৭আপডেট : ১১ আগস্ট ২০২৬, ২২: ১৮ দেশের ফুটবলে ‘খেপ’ শব্দটি বেশ পুরোনো।

শেয়ার করুন