বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকার আসিয়ান মিশনগুলোর

প্রকাশ:

আসিয়ান ঢাকা কমিটির (এডিসি) চেয়ারম্যান ও বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান জানিয়েছেন, ঢাকাস্থ আসিয়ান মিশনগুলো বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার রাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ অংশীদার এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করেন।

এডিসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ও আসিয়ান একে অপরের শক্তিকে কাজে লাগিয়ে পরিপূরক হিসেবে ভূমিকা পালন করতে পারে, যা পারস্পরিক কল্যাণ ও অভিন্ন সমৃদ্ধি বয়ে আনবে। তিনি উল্লেখ করেন, ৬৮ কোটিরও বেশি মানুষের আবাসস্থল আসিয়ান বিশ্বের অন্যতম গতিশীল অর্থনৈতিক অঞ্চল। একইসঙ্গে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর বিপুল সম্ভাবনা ও কর্মক্ষমতার বিষয়টিও তিনি তুলে ধরেন। মালয়েশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি আসিয়ানের সঙ্গে ব্যাপক সম্পৃক্ততার ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্বেরই বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বাংলাদেশ যাতে আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হিসেবে মর্যাদা পায়, সে বিষয়ে আসিয়ান মিশনপ্রধানদের সহযোগিতা কামনা করেন। মন্ত্রী বলেন, আসিয়ান পরিবারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে পারলে দুই পক্ষের সম্পর্ক আরও অর্থবহ হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আসিয়ান এবং এর ১১টি সদস্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও তিনি জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী আরও জানান, আসিয়ানের সাথে খাতভিত্তিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এর মধ্যে প্রায় ১০ লাখ মার্কিন ডলারের একটি মৎস্য ও জলজ চাষ প্রকল্প রয়েছে। এছাড়া পর্যটন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) এবং সংস্কৃতি বিষয়ক প্রকল্পও প্রক্রিয়াধীন আছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত এই সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতাকে আরও এগিয়ে নেবে।

শেয়ার করুন