শিক্ষার্থীদের বুঝেশুনে আন্দোলন করার আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রকাশ:

শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে 'সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আমি দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য, কাজ করছি তোমাদের জন্য। তিনি শিক্ষার্থীদের বুঝেশুনে আন্দোলন করার আহ্বান জানিয়ে বলেন, যদি মনেই করো আন্দোলন করতে হবে, তবে একবার এসে আমার সঙ্গে ডিবেট করে যাও। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো। তিনি আরও বলেন, বিনা কারণে হৈচৈ করে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করা যাবে না, কারণ এভাবে একটি রাষ্ট্রকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে। সরকারের ছয় মাস না হতেই যারা মিথ্যা অজুহাতে রাজনীতি করে, তারা দেশের উন্নতি চায় না বরং অধঃপতন চায়। জনগণের তাদের নেতৃত্ব মেনে নেওয়ার কোনো কারণ নেই বলেও তিনি মন্তব্য করেন।

এসএসসির ফলাফল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, সেগুলোর বিরুদ্ধে সরকার পর্যায়ক্রমে ব্যবস্থা নেবে। সরকারি অর্থে পরিচালিত প্রতিষ্ঠানগুলো কেন ভালো করছে না, তাও খতিয়ে দেখা হবে।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রী একটি মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছেন। সরকার ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড কর্মসূচি দারিদ্র্য বিমোচনে ৫ শতাংশ ভূমিকা রাখবে।

শেয়ার করুন