শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্তে জাকসুর বিক্ষোভ

প্রকাশ:

শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক সিদ্ধান্তের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (১০ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বটতলায় গিয়ে শেষ হয়। সরকারি এই সিদ্ধান্তের আওতায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে ন্যস্ত করার কথা বলা হয়েছে।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। এর মধ্যে রয়েছে ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘বাণিজ্য না শিক্ষা, শিক্ষা শিক্ষা’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘শিক্ষা নিয়ে ঢালবাহানা, মানি না মানবো না’, ‘শিক্ষা নিয়ে প্রহসন, মানি না মানবো না’ এবং ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’—সহ নানা প্রতিবাদী স্লোগান।

জাকসুর কার্যকরী সদস্য মুহাম্মদ আলী চিশতি বলেন, দেশের সব প্রতিষ্ঠান সংস্কারের প্রত্যাশা থাকলেও সরকার হাসিনার দেখানো পথেই হাঁটছে। তিনি অভিযোগ করেন, সরকার এনটিআরসিএ-এর হাত থেকে নিয়োগের ক্ষমতা কেড়ে নিয়ে প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ করতে চাইছে।

জাকসুর জি এস মাজহারুল ইসলাম বলেন, স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির নিয়োগ কার্যক্রমের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন, স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির দায়িত্বে থাকা ব্যক্তিদের সম্পর্কে সবাই অবগত এবং বেশিরভাগ ক্ষেত্রে দলীয় তোষামোদকারীদের এই পদে রাখা হয়। তিনি সরকারকে এই ধরনের ঘৃণ্য সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান এবং সতর্ক করে দিয়ে বলেন, অন্যথায় এর পরিণাম কী হতে পারে তা সরকারের জানা থাকা উচিত।

শেয়ার করুন