শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পণে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান

প্রকাশ:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য ভারতের প্রতি আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দেশে ফিরিয়ে আনার বিষয়েও সরকারের পক্ষ থেকে পুনরায় তাগিদ দেওয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাতের সময় এসব বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রী ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। এ সময় হাইকমিশনার ঢাকায় তার গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে উপযুক্ত পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন