দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু করছে সরকার। আগামী ১৬ই আগস্ট এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রোববার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে স্কুল ড্রেস বিতরণ নিয়ে আয়োজিত এক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের শিক্ষার আওতায় আনার পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন ইউনিফর্মের নকশা নির্ধারণ করা হয়েছে। মেয়েদের জন্য ফ্রক এবং ছেলেদের জন্য হাফশার্ট ও শর্টসের মডেল চূড়ান্ত করা হয়েছে। ইউনিফর্ম তৈরিতে শিক্ষার্থীদের আরাম, ব্যবহারিক সুবিধা এবং পোশাকে একরূপতার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। গত ২৯শে এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় নতুন ইউনিফর্মের মডেল উপস্থাপন করা হয়েছিল।
পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে পাইলট প্রকল্পের আওতায় বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ করা হবে। শুধু ইউনিফর্ম নয়, শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগ ও জুতা দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সংগঠনের সহযোগিতা নেওয়ার কথা জানিয়েছে সরকার। এরই মধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক লাখ শিক্ষার্থীর জন্য স্কুলব্যাগ, ড্রেস ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।





