গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের চাপায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র ইয়াসিন আলী (১৭) নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন পাবনার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে এবং পরিবারের সঙ্গে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকায় ভাড়া থাকত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইয়াসিন গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা ও পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে রোববার বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা মাদরাসার মূল ফটক ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। শিক্ষার্থীরা দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যান চালকের বিচার এবং সড়কে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।
এই অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে আটকা পড়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ব্যস্ত গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় পথচারীদের নিরাপদ পারাপার এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয়দের মধ্যে বড় ধরনের উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।





