রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

প্রকাশ:

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অবস্থিত নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলটির পক্ষে এই মনোনয়নপত্রগুলো সংগ্রহ করা হয়।

বিএনপির পক্ষ থেকে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও দলের নেতা রুহুল কবীর রিজভী নির্বাচন কমিশনের প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দুটি গ্রহণ করেন।

নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে জাতীয় সংসদের সদস্যরা ভোটার হিসেবে ভোট দেবেন।

তফসিল ঘোষণার সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, 'রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১'-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের এই সময়সূচি চূড়ান্ত করেছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন কমিশনের নিজস্ব ভবন ও জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

শেয়ার করুন