রোমে কারিগরি ত্রুটির কবলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ

প্রকাশ:

ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এই সমস্যার কারণে ঢাকা-রোম-টরন্টো রুটের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে এবং সংশ্লিষ্ট ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টরন্টো-রোম-ঢাকা রুটে পরিচালিত বিজি৩০৬ (BG306) ফ্লাইটের উড়োজাহাজটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে থাকা অবস্থায় এই ত্রুটি শনাক্ত হয়। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিমান কর্তৃপক্ষ উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেছে। ত্রুটি নিরসন এবং নিরাপত্তা যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবে না। একই উড়োজাহাজ ব্যবহারের বাধ্যবাধকতার কারণে বিজি৩০৫ (BG305) ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, বিজি৩০৫ ফ্লাইটের নতুন সময়সূচি অনুযায়ী শনিবার দুপুর ১টায় যাত্রা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট যাত্রীদের এদিন সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করতে বলা হয়েছে। তবে বিজি৩০৬ ফ্লাইটের পরবর্তী সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি, যা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

রোমে অবস্থানরত বিজি৩০৬ ফ্লাইটের যাত্রীদের সাময়িক অসুবিধার কথা বিবেচনা করে বিমান কর্তৃপক্ষ তাদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ সব ধরনের প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেছে। এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য বিমান কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সংস্থাটি জানিয়েছে, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যে কোনো সহায়তার জন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হটলাইন ১৩৬৩৬ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন