সাভারে পুলিশের তাড়া খেয়ে ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

প্রকাশ:

রাজধানীর সাভারে পুলিশের তাড়া খেয়ে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ার হোসেন বকশী নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের আবাসিক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মনোয়ার হোসেন বকশী সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিরাপত্তাকর্মী জাফর আলীর ছেলে।

নিহতের বাবা মুহম্মদ জাফর আলী জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশের একটি দল তাদের সরকারি কোয়ার্টারের চারতলায় তল্লাশি চালাতে আসে। এ সময় পুলিশ তার দুই ছেলে এবং মেয়ের ঘরের নাতি শাহরিয়ার কবির সৌমিককে খুঁজছিল। অভিযানের এক পর্যায়ে পুলিশের এক সদস্য দৌড়ে ভবনের ছাদে উঠে যান। এর কিছুক্ষণ পরেই বাসার নিচে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা ভবনের নিচে মনোয়ার হোসেন বকশীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনার পর অভিযানে থাকা পুলিশ সদস্যরা তড়িঘড়ি করে এলাকা ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুরের পীরগাছা থানা এলাকায় নিহতের ভাগনে শাহরিয়ার কবির সৌমিকের বিরুদ্ধে মিমি আকতার নামে ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় মনোয়ার হোসেন বকশী আসামি ছিলেন। পীরগাছা থানার এসআই মনোরঞ্জন বর্মন রিকুইজিশন নিয়ে সাভার মডেল থানায় আসলে সাভার থানার একজন এসআইকে সঙ্গে নিয়ে যৌথভাবে আসামিদের গ্রেপ্তারের অভিযান চালানো হয়। ওসি জানান, আসামি ছাদ থেকে লাফ দিলে তার মৃত্যু হয়। পীরগাছা থানার পুলিশের তড়িঘড়ি করে চলে যাওয়ার বিষয়ে ওসি স্বীকার করেন যে, তাদের এমন আচরণ ঠিক হয়নি।

নিহতের বাবা মুহম্মদ জাফর আলী এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার ছেলের মৃত্যুর বিচার দাবি করেছেন। এদিকে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার অবিলম্বে মনোয়ার হোসেন বকশীর মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর সাভারে পুলিশের তাড়া খেয়ে ৫ তলা ভবনের ‘ছাদ থেকে পড়ে’ মনোয়ার হোসেন বকশী নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।

নিহতের বাবা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশের একটি দল আবাসিক এলাকায় তাদের সরকারি কোয়ার্টারের ৪ তলায় তল্লাশি করে।

শেয়ার করুন