দেশের সড়কপথে দুর্ঘটনা ও হতাহতের হার বেড়েই চলেছে। শুক্রবার ছুটির দিনে দেশের দুটি মহাসড়কে বাস ও মোটরসাইকেলের পৃথক দুর্ঘটনায় অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন, বগুড়া সদর উপজেলায় বাসচাপায় সাত শ্রমিক এবং একই উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহতের সংখ্যা প্রায় অর্ধশত।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে শুক্রবার পর্যন্ত দেশে অন্তত তিন হাজার ৭৫২টি সড়ক দুর্ঘটনায় তিন হাজার ৩৮৭ জন নিহত হয়েছেন। সংগঠনটির হিসাবমতে, ২০২৫ সালে সাত হাজার ৫৮৪টি দুর্ঘটনায় সাত হাজার ৩৫৯ জন প্রাণ হারান এবং ১৬ হাজার ৪৭৬ জন আহত হন। এছাড়া ২০২৪ সালে ছয় হাজার ৯২৭টি দুর্ঘটনায় সাত হাজার ২৯৪ জনের মৃত্যু হয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত এক যুগে দেশে ৬৭ হাজার ৮৯০টি দুর্ঘটনায় এক লাখ ১৬ হাজার ৭২৬ জন নিহত ও এক লাখ ৬৫ হাজার ২১ জন আহত হয়েছেন।
সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহনের একটি বাস ও বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাউলশিল্পী পেহেলী ভৈরবী, সাইফুল ইসলাম ও সাফি মিয়াসহ বেশ কয়েকজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাইফা ইসলাম ও সপ্তম রায় প্রীতমসহ মোট ৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়। ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, এই দুর্ঘটনায় ২৫-৩০ জন আহত হয়েছেন, যাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেছে এবং দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করে শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
বগুড়া সদর উপজেলার এরুলিয়া বাজারে ভোরে শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে এরুলিয়া বাজারে অবস্থানরত দিনমজুর শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে তিনজন এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও চারজনসহ মোট সাতজন নিহত হন। এ ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন এবং নিহতদের মধ্যে গাইবান্ধার আমিরুল, নুর আলম, বেলাল ও জয়পুরহাটের তাইমুন নামের চারজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়কে স্পিড ব্রেকার না থাকায় এই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। বিক্ষুব্ধ এলাকাবাসী চার ঘণ্টা সড়ক অবরোধ করে রাখলে প্রশাসনের আশ্বাসে যান চলাচল স্বাভাবিক হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।
একই দিন সন্ধ্যায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া বিমানবন্দর এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বর্ণ ব্যবসায়ী বাবুল হাসান ও তার স্ত্রী জেসমিন বেগম নিহত হয়েছেন। তাদের সঙ্গে থাকা সাত বছর বয়সী নাতি আহত হলেও সে শঙ্কামুক্ত রয়েছে। বগুড়া সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।





