বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১০

প্রকাশ:

বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন শ্রমিক নিহত হয়েছেন। ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এরপর বাসটি সেখানে কাজের সন্ধানে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করা হয়।

শেয়ার করুন