সেপ্টেম্বর থেকে জামায়াত জোটের লং মার্চ ও নভেম্বরে মহাসমাবেশ

প্রকাশ:

গণভোটের রায় বাস্তবায়ন এবং তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে চারটি বিভাগীয় শহরে 'লং মার্চ' কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট। এই ধারাবাহিক কর্মসূচির সমাপ্তি ঘটবে নভেম্বরে রাজধানী ঢাকায় আয়োজিত এক মহাসমাবেশের মাধ্যমে।

বৃহস্পতিবার ঢাকার পুরানা পল্টনের মুক্তাঙ্গণে ১১ দলীয় ঐক্যের আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এই কর্মসূচির ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা ও জোটের শীর্ষনেতা, জামায়াতের আমির শফিকুর রহমান। ঘোষিত সূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর এবং ১০ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া-ঢাকা রুটে লং মার্চ অনুষ্ঠিত হবে। এরপর ২৪ অক্টোবর ট্রেনযোগে সিলেট কর্মসূচির পর ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

অবস্থান কর্মসূচি শেষে জোটের নেতারা তাদের ১১ দফা দাবি সরকারকে অবহিত করতে সচিবালয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে সচিবালয়ের ফটকে তাদের আটকে দেওয়া হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তৃতায় জামায়াত আমির শফিকুর রহমান অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

বক্তব্যে শফিকুর রহমান অভিযোগ করেন যে, গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিকতা তৈরির জন্য কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। তিনি নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, এলপিজির বর্ধিত দাম প্রত্যাহার এবং 'ভূতুড়ে' বিদ্যুৎ বিল বন্ধের দাবি জানান। জোটের ১১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—গ্যাসবিহীন এলাকায় বিল আদায় বন্ধ রাখা, দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি, মহেশখালীর এলএনজি টার্মিনালের ত্রুটি তদন্ত, গ্যাস চুরি রোধ এবং শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।

শেয়ার করুন