নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় আক্ষেপ ঝরল ট্রাম্পের কণ্ঠে

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে নিজের পররাষ্ট্রনীতির সাফল্য তুলে ধরতে গিয়ে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার বিষয়টি নিয়ে রসিকতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে তিনি দাবি করেন, তার প্রশাসনের অধীনে অন্তত আটটি যুদ্ধ মিটমাট করা সম্ভব হয়েছে। তবে এত বড় সাফল্যের পরও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তিনি হাসি ও আক্ষেপের সুরে মন্তব্য করেন, “আমি অন্তত আটটি যুদ্ধ মিটমাট করেছি, তবুও আমার ভাগ্যে নোবেল শান্তি পুরস্কার জুটল না।” তার এই বক্তব্যের পর উপস্থিত সমর্থকরা করতালি ও উল্লাসের মাধ্যমে প্রতিক্রিয়া জানান।

স্বাধীনতা দিবসের এই ভাষণে ট্রাম্প তার বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিরসনে ব্যক্তিগত ভূমিকা ও প্রশাসনের বৈদেশিক নীতির কথা তুলে ধরেন। তার দাবি অনুযায়ী, তার ব্যক্তিগত উদ্যোগে বিশ্বজুড়ে একাধিক বড় সংঘাত এড়ানো সম্ভব হয়েছে। তবে ট্রাম্পের এই ‘আটটি যুদ্ধ থামানোর’ দাবিকে বিশ্লেষকরা অতিরঞ্জিত রাজনৈতিক বক্তব্য ও প্রচারণার অংশ হিসেবেই দেখছেন।

উল্লেখ্য, এর আগেও ট্রাম্প তার প্রথম মেয়াদে আব্রাহাম অ্যাকর্ডসসহ বিভিন্ন কূটনৈতিক উদ্যোগের জন্য নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে একাধিকবার দাবি করেছিলেন। এবার স্বাধীনতা দিবসের মঞ্চেও একই ধরনের মন্তব্য করে তিনি নতুন করে আলোচনায় এলেন।

শেয়ার করুন