শেখ হাসিনাকে বক্তব্য দেয়ার সুযোগ ভারতীয় নীতি-নির্ধারকদের পরিকল্পিত: রিজভী

প্রকাশ:

গ্লোবাল জার্নালিস্ট ক্লাব অব সাউথ এশিয়ার প্রোগ্রামে শেখ হাসিনাকে বক্তব্য দেয়ার সুযোগ করে দেয়াটি ভারতীয় নীতি-নির্ধারকদের একটি পরিকল্পিত আয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে বক্তব্য রাখার এই সুযোগ দেয়া হয়েছে। বাংলাদেশ সরকার যখন এই সংবাদ পায়, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি ভারতের সরকারকে অবহিত করেছিল। কিন্তু ভারত সরকার তাতে সাড়া না দিয়ে ৫ই আগস্ট—যেদিন শেখ হাসিনার পতন ঘটেছিল—সেই দিনেই তাকে বক্তব্য দেয়ার সুযোগ করে দেয়। তিনি অভিযোগ করেন, এই পুরো বিষয়টি সজীব ওয়াজেদ জয়ের সহযোগিতায় এবং ভারতীয় নীতিনির্ধারকদের পরিকল্পনায় সম্পন্ন হয়েছে।

বিএনপির এই মুখপাত্র শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পলাতক একজন আসামি হিসেবে উল্লেখ করে বলেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডসহ নানা খুনের মামলা ও দুর্নীতির মামলায় বিচার চলছে। তিনি বলেন, ২০১৩ সালের এক্সট্রাডিশন আইনের মাধ্যমে তাকে ফেরত আনা সম্ভব। দুই দেশ এই প্রত্যাবাসন চুক্তিতে সই করলেও তাকে ফিরিয়ে না দিয়ে বরং রাজনীতি করার সুযোগ দেয়া হচ্ছে। রিজভী বলেন, 'এটা আমি মনে করি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটা অপমান। যে দেশটিকে আমরা বন্ধু রাষ্ট্র বলি, সেখানে একজন পলাতক আসামিকে তার রাজনৈতিক বক্তব্য তুলে ধরার জন্য সুযোগ করে দেয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক।'

তিনি আরও বলেন, এই ঘটনা আমাদের পারস্পরিক বিশ্বাস ও সম্মানকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে এবং এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এক ধরনের হস্তক্ষেপ। যে গণবিপ্লবে হাজারেরও বেশি তরুণ, কিশোর ও শিক্ষার্থীদের জীবন চলে গেল এবং রক্ত ঝরল, সেই দিনটিতেই শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেয়া শহীদদের প্রতি চরম অপমান। তিনি এই ঘৃণ্য প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। রিজভী যোগ করেন, জিয়াউর রহমান যখন জাতিকে ক্ষুধামুক্ত ও স্বয়ংসম্পূর্ণ করেছেন এবং বহুদলীয় গণতন্ত্র এনেছেন, তখনও তাকে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে হত্যা করা হয়েছিল। ঠিক এখনো একইভাবে নানা পরিকল্পনা চলছে।

শেয়ার করুন