সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য কয়সর এম আহমেদ বলেছেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জের উন্নয়ন ও অগ্রযাত্রা আর কখনো অবহেলিত থাকবে না। তিনি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবি-দয়া ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরে তাদের কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
রোববার রাত ১১টায় যুক্তরাজ্যের বার্মিংহামের পেরিবার এলাকার একটি স্থানীয় হলে বার্মিংহামে বসবাসরত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দাদের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা এখলাসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিকুর রহমান রফু ও ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ব্যারিস্টার হাবিবুল্লাহ এবং স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ আবদুল কবির।
প্রধান অতিথির বক্তব্যে কয়সর এম আহমেদ বলেন, তিনি শুধু সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরও প্রতিনিধি হিসেবে তাদের কল্যাণে কাজ করতে চান। তিনি উল্লেখ করেন, অতীতের মতো ভবিষ্যতেও প্রবাসীরা দেশ ও দলের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে তিনি তাদের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। এছাড়া বিগত জাতীয় নির্বাচনে পোস্টাল ভোটের মাধ্যমে ভোটদানকারী, ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া এবং দেশে এসে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়া প্রবাসীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে কিডারমিনস্টার কাউন্সিলের মেয়র কাউন্সিলর সাজু মিয়া, বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার সুজন দেবনাথসহ যুক্তরাজ্য ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সভায় ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি, বার্মিংহাম সিটি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।





