তারেক রহমানের পতন শুরু হয়েছে, দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

প্রকাশ:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন যে, তারেক রহমানের পতন ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং তার কোনো ভবিষ্যৎ নেই। বুধবার (৫ আগস্ট) দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১-দলীয় জোটের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশে ভালো কিছু দিতে পারবেন না এবং শেখ হাসিনার মতোই জনগণ তার বিচার করবে। এখানে কোনো আপসের সুযোগ নেই এবং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন করেই তারা এগিয়ে যাবেন।

২০২৪ সালের ৫ আগস্টের স্মৃতিচারণ করে পাটওয়ারী বলেন, সেদিন সকাল থেকেই পুরো বাংলাদেশ স্তব্ধ ছিল। তিনি এবং নাহিদ একটি বাসায় অবরুদ্ধ ছিলেন এবং বাইরে বের হওয়ার চেষ্টা করলে গুলি করার হুমকি দেওয়া হয়েছিল। সে সময় বাংলার জাগ্রত জনতা সব বাধা ভেঙে রাজপথে নেমে এসেছিল এবং শেখ হাসিনাকে পাঁচ মিনিটের সময় দেওয়া হয়েছিল দেশ ছাড়ার জন্য। তিনি অভিযোগ করেন, সেই কঠিন সময়ে তারেক রহমানের কোনো উপস্থিতি রাজপথে ছিল না। তিনি বলেন, 'তারেক রহমানের কোনো ছায়া আমরা সেদিন রাজপথে দেখিনি। এখন নতুন করে বাংলাদেশে এসে সব বোঝার আগেই সব সিদ্ধান্ত নেওয়া শুরু করেছেন।'

তারেক রহমানকে সতর্ক করে এনসিপির এই নেতা বলেন, তাকে ক্ষমতায় থাকতে হলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জনগণের রায় না মানলে পাকিস্তানি জান্তাদের মতো তার পরিণতি হবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও অভিযোগ করেন যে, তারেক রহমান নির্বাচনের আগে ভারতসহ বিভিন্ন 'ডিপ স্টেট'-এর কাছে বাংলাদেশকে তাজমহলের মতো বিক্রি করেছেন। কিন্তু বাংলাদেশের মালিকানা জনগণের, কারো ক্ষমতার লোভে এটি অন্য রাষ্ট্রের কাছে বিক্রি করতে দেওয়া হবে না।

পাটওয়ারী অভিযোগ করেন, তারা বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। একটি শিক্ষা প্রতিষ্ঠানের টেন্ডার নিয়ে কথা বলায় রামদা ও হকিস্টিক নিয়ে সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়েছে। এছাড়া হবিগঞ্জ ও ঢাকায় হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি ছাত্রদল ও যুবদলকে উদ্দেশ্য করে প্রশ্ন রাখেন, 'আজ তোমরা কোথায়? আজ রাজপথে দেখা যাচ্ছে না কেন? বাসায় ঘুমিয়ে আছো, নাকি পালিয়ে গেছো?'

ইসলাম ও সার্বভৌমত্ব প্রসঙ্গে তিনি বলেন, আগামীতে এ নিয়ে অনেক ষড়যন্ত্র হবে এবং লন্ডনের বা দিল্লির অনুসারীদের চিনে রাখার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন