জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা ও শহর শাখা। বুধবার ফজর নামাযের পর নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমের নেতৃত্বে বিমানবন্দর সড়কের হাতিখানা কবরস্থানে এই কর্মসূচি পালন করা হয়। কবর জিয়ারত শেষে সংসদ সদস্য শহীদ সাজ্জাদ হোসেনের পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাফেজ আব্দুল মুনতাকিম এমপি বলেন, শহীদদের আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং তাদের এই ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। তিনি আরও বলেন, দেশে নতুন করে যেন আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। এ সময় তিনি জামায়াতে ইসলামী সবসময় শহীদ পরিবারের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে শহীদ সাজ্জাদ হোসেনসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে শহীদ সাজ্জাদ হোসেনের পিতা আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জামায়াত নেতাদের মধ্যে সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শফিকুল ইসলাম, শহর আমীর শরফুদ্দিন খান, সেক্রেটারি ওয়াজেদ আলী, পৌর জামায়াতের মিডিয়া বিভাগের দায়িত্বশীল আব্দুস সালাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল মোমেন প্রমুখ অংশ নেন। অনুষ্ঠানে সৈয়দপুর প্রেসক্লাবের সদস্য সচিব নজরুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল) সৈয়দপুর কারখানা শাখার সেক্রেটারি ও রেলওয়ে শ্রমিক কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি আবু হাসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১০: ৩১আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১০: ৩১





