কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন শিক্ষাবর্ষের ১৪ জন শিক্ষার্থীকে ‘স্পোর্টস স্কলারশিপ’ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এক অনুষ্ঠানে এই বৃত্তি তুলে দেওয়া হয়।
জানা গেছে, ‘স্পোর্টস স্কলারশিপ ২০২৫-২৬’ বর্ষের জন্য মোট ৬টি ইভেন্ট থেকে ১৪ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। এর মধ্যে প্রতিটি ইভেন্ট থেকে দুইজন করে শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচন করা হলেও ফুটবল ও ভলিবল (ছেলে) ইভেন্ট থেকে ৩ জন করে শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। শারীরিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিচালনা কমিটির পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. মহিউদ্দিন।
অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, আজ যে বৃত্তি প্রদান করা হয়েছে, তা শিক্ষার্থীদের নিষ্ঠা, পরিশ্রম, দায়িত্ববোধ এবং কর্মদক্ষতার স্বীকৃতি। তিনি আরও বলেন, কাজের পারফরম্যান্সের ভিত্তিতে যখন মূল্যায়ন করা হয়, তখন সেই স্বীকৃতি আরও বেশি অর্থবহ হয়ে ওঠে। এই পুরস্কার শিক্ষার্থীদের ধারাবাহিক প্রচেষ্টার প্রমাণ বলেও তিনি উল্লেখ করেন।





