বাংলাদেশে উন্নত প্রকৌশল দক্ষতা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং উচ্চমূল্য সংযোজিত প্রযুক্তি খাতের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করে যাত্রা শুরু করেছে ‘ড্যাফোডিল সিএই সেন্টার, বাংলাদেশ’। রাজধানীর সোবহানবাগের ড্যাফোডিল প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রটির উদ্বোধন এবং প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), প্রয়াস প্রযুক্তি ফাউন্ডেশন এবং ছয়টি প্রযুক্তি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এই কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে। মূলত কম্পিউটার-এইডেড ইঞ্জিনিয়ারিং (সিএই) ভিত্তিক শিক্ষা, গবেষণা এবং আধুনিক সিমুলেশন প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণই এই উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ড্যাফোডিল গ্রুপ ও ডিআইইউ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ জ্ঞান ও উন্নত প্রকৌশল দক্ষতার ওপর নির্ভরশীল। এই সেন্টার শিক্ষা ও শিল্পের মধ্যে একটি কার্যকর ইকোসিস্টেম গড়ে তুলবে। বিশেষ অতিথি ইউএসএ-ভিত্তিক গামা টেকনোলজিস ইনকর্পোরেটেড-এর কো-ফাউন্ডার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. সাঈদ ওয়াহিদুজ্জামান এই কেন্দ্রকে বিশ্বমানের প্রযুক্তি বিনিময়ের একটি চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে ডাটাসফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি ইনকর্পোরেটেড লিমিটেড-এর চেয়ারম্যান মাহবুব জামানসহ বেসিস ও বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বর্তমানে অটোমোবাইল, সেমিকন্ডাক্টর, বিমান, নবায়নযোগ্য জ্বালানি এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ের মতো আধুনিক শিল্পে সিএই প্রযুক্তি অপরিহার্য। গামা টেকনোলজিস ইনকর্পোরেটেড এই কেন্দ্রটিকে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে উচ্চমূল্যের সিএই সফটওয়্যার লাইসেন্স প্রদান করেছে। প্রাথমিকভাবে সিস্টেম মডেলিং অ্যান্ড সিমুলেশন দিয়ে কার্যক্রম শুরু করলেও পর্যায়ক্রমে এতে ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস, কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স, ডিজিটাল টুইন ও ইন্ডাস্ট্রি ৪.০-এর মতো আধুনিক প্রযুক্তি যুক্ত করা হবে। এর ফলে বাস্তব উৎপাদনের আগেই ডিজিটাল নকশা ও পরীক্ষার সুবিধা পাওয়া যাবে। ড্যাফোডিল কম্পিউটার্স, ডাটাসফট ও কার্ল বেঞ্জ অটো কেয়ারের মতো সহযোগী প্রতিষ্ঠানের সাথে যৌথ গবেষণা ও ইন্টার্নশিপের মাধ্যমে দীর্ঘমেয়াদে বাংলাদেশকে প্রকৌশল প্রযুক্তির আঞ্চলিক উৎকর্ষকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এই কেন্দ্রের।





