শিল্পকলা একাডেমিতে থিয়েটারের নাটক ‘নিখাই’-এর শততম প্রদর্শনী ১১ জুলাই

প্রকাশ:

জাত-ধর্মের ঊর্ধ্বে মানুষের মানবিক পরিচয়ের গল্প নিয়ে নির্মিত থিয়েটার নাট্যদলের ৩৪তম প্রযোজনা ‘নিখাই’। আগামী ১১ জুলাই রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটির শততম প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশেষ এই মাইলফলক উদযাপন উপলক্ষে থিয়েটার নাট্যদলের পক্ষ থেকে নানা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা দ্রুতই জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নাটকটির কাহিনি আবর্তিত হয়েছে ব্রিটিশ শাসনামলের একটি স্টিমারঘাটকে কেন্দ্র করে। ঘাটে মানুষের আনাগোনা থাকলেও স্থায়ীভাবে কেউ থাকে না, তবে একজন বৃদ্ধ গত ১০ বছর ধরে এই ঘাটটিকে আঁকড়ে ধরে আছেন। গভীর রাতেও তাকে সেখানে পাওয়া যায়। একদিন মধ্যরাতে এক দারোগা তার স্ত্রীকে নিয়ে নদী পার হওয়ার জরুরি প্রয়োজনে ঘাটে উপস্থিত হন। মাঝি না থাকায় তাদের অপেক্ষা করতে হয় এবং সেখান থেকেই ঘটনার পরম্পরায় বেরিয়ে আসে একজন মানুষের জন্মের ইতিহাস।

নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত। এটি তার লেখা প্রথম মৌলিক গল্পের নাটক। তিনি বলেন, ‘মানব-মানবীর ভালোবাসার গল্পের আড়ালে সমাজব্যবস্থার অসমতা, বিভেদ এবং জাত-পাত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আল্লাহ ভালোবাসা সৃষ্টি করেছেন উঁচু-নিচু ভেদাভেদ দূর করার জন্য। পৃথিবীকে বাঁচাতে হলে মানুষের সঙ্গে মানুষের ব্যবধান ঘোচানোর কোনো বিকল্প নেই। এই বৈষম্যহীন মানবিকতার বার্তাটিই আমার নাটকে তুলে ধরেছি।’

নিজের নাটকের শততম প্রদর্শনী নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে গাজী রাকায়েত বলেন, ‘খুব ভালো লাগছে নাটকটির শততম প্রদর্শনী হতে যাচ্ছে। কিছুদিন আগেই আমার আরও একটি নাটকের শততম মঞ্চায়ন হয়েছে, সব মিলিয়ে এটি দারুণ একটি অনুভূতি।’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন থিয়েটার নাট্যদলের নিয়মিত শিল্পীরা।

শেয়ার করুন