ডিসেম্বরের মধ্যে স্বচ্ছ কৃষক তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ:

দেশের কৃষকদের অধিকার নিশ্চিত করতে এবং সরকারি সুযোগ-সুবিধা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কৃষক কার্ডের একটি নির্ভুল ও স্বচ্ছ তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত কৃষক কার্ড-সংক্রান্ত এক সভায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী সভায় নির্দেশনা দেন যে, ছবি ও কিউআর কোড-সংবলিত এই কৃষক কার্ডে কৃষকের ব্যক্তিগত পরিচয়ের পাশাপাশি কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজার-সংক্রান্ত সব তথ্য সংরক্ষণের ব্যবস্থা থাকতে হবে। কার্ডটি প্রস্তুত করার সময় এই বিষয়গুলোকে গুরুত্বসহকারে বিবেচনায় নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

সভায় জানানো হয়, কৃষকদের ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে কৃষকদের হাতে কার্ডগুলো তুলে দেওয়া হবে। কৃষি খাতে সরকারের ভর্তুকি, সহজ শর্তে ঋণ, প্রণোদনা ও অন্যান্য সরকারি সুবিধা প্রকৃত কৃষকের কাছে দ্রুত ও সহজে পৌঁছে দেওয়াই এই কার্ড চালুর মূল উদ্দেশ্য।

পরিকল্পনা অনুযায়ী, চলতি অর্থবছরে ৪৩ লাখ কৃষক এই কার্ডের সুবিধা পাবেন এবং আগামী তিন বছরের মধ্যে দেশের প্রায় ২ কোটি কৃষককে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সভায় কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি এস এম আমীর হামজা শাতিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন