টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞদের সাথে একটি মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সামাজিক উন্নয়নমূলক সংগঠন ফুটস্টেপস বাংলাদেশের নেতৃত্বে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং বিভিন্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন। তারা দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা এবং উত্তরণের উপায় নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন। বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্য মেয়াদি পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন তারা।
সভায় দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা রক্ষা, নগর ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে একটি সমন্বিত ও কার্যকর নগর পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষজ্ঞদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও নাগরিকদের জন্য নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া ফুটস্টেপস বাংলাদেশের সভাপতি শাহ রাফায়াত চৌধুরী, ট্রাস্টি ও হেড অব পার্টনারশিপস ফাসবীর এস্কান্দার, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তাকী ইয়াসির, বিশ্বব্যাংকের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সাবেক প্রধান প্রকৌশলী তারিক বিন ইউসুফ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মুজিবুর রহমান, রেড অরেঞ্জের পরিচালক অলোক কুমার মজুমদার ও উপ-পরিচালক সামিউল ইসলাম, ইয়ুথ ফর এনডিসির নির্বাহী পরিচালক আমানুল্লাহ পরাগ, গারবেজম্যানের প্রতিষ্ঠাতা ফাহিদ উদ্দিন শুভ এবং নগর ও গ্রামীণ পরিকল্পনাবিদ এস এম মেহেদী হাসান সভায় অংশ নেন।





