বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে মোসলেম উদ্দিন প্রামানিক (৬২) নামের এক সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের লোহার রডের আঘাতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৪ আগস্ট) সকালে তাঁর মৃত্যু হয়। নিহত মোসলেম উদ্দিন উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া চর গ্রামের মৃত আব্দুল মান্নান প্রামানিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের সঙ্গে নিহত মোসলেম উদ্দিনের জমিজমা এবং গোচারণভূমি বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই পূর্বশত্রুতার জের ধরে গত সোমবার (৩ আগস্ট) রাত আটটার দিকে মোসলেম উদ্দিন পাকুড়িয়া বাজার থেকে চা পান শেষে বাড়ি ফিরছিলেন। পথে নান্টু সরকারের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় লোহার রডের এলোপাতাড়ি আঘাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের ভাই শাহজাহান আলী জানান, গোচারণভূমি বিক্রি নিয়ে নান্টু ও তার লোকজন দীর্ঘদিন ধরে শত্রুতা পোষণ করছিল, যার জেরেই তাকে একা পেয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানিয়েছেন, সাবেক সেনাসদস্যের মৃত্যুর ঘটনায় জড়িত অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। বর্তমানে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।





