দলবদল ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে নানা গুঞ্জন ও অনিশ্চয়তার মধ্যেই অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। বিশ্বকাপ ফুটবল শেষে ছুটি কাটিয়ে সোমবার স্পেনে ফিরে রিয়াল মাদ্রিদের অনুশীলন ক্যাম্পে যোগ দেন তিনি।
স্পেনে ফেরার পর নিয়ম অনুযায়ী প্রথমে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। এরপরই দলের সতীর্থদের সঙ্গে রিয়াল মাদ্রিদের অনুশীলন কেন্দ্রে নতুন প্রধান কোচ জোসে মরিনিয়োর অধীনে প্রথমবারের মতো অনুশীলনে অংশ নেন ভিনিসিয়ুস। ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ভিনিসিয়ুস জুনিয়রের পাশাপাশি ব্রাহিম দিয়াজও বিশ্বকাপ পরবর্তী ছুটি শেষে দলে ফিরেছেন এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে অনুশীলনে যোগ দিয়েছেন।
ভিনিসিয়ুসের রিয়াল মাদ্রিদে থাকা নিয়ে নানা জল্পনা চলছে। বর্তমানে তার চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি রয়েছে। গুঞ্জন রয়েছে, নতুন চুক্তির বিষয়ে সমঝোতা না হলে রিয়াল মাদ্রিদ তাকে এ মৌসুমেই ছেড়ে দিতে রাজি হতে পারে। এদিকে, ব্রাজিলিয়ান এই তারকাকে দলে ভেড়ানোর জন্য ইংল্যান্ডের ক্লাব আর্সেনাল নিজেদের শক্ত অবস্থানে রাখছে বলে শোনা যাচ্ছে। তবে আর্সেনালের কোচ মিকেল আর্তেতা এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছেন।
সূত্র মারফত জানা গেছে, রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ও ভিনিসিয়ুসের প্রতিনিধিদের মধ্যে নতুন চুক্তি নিয়ে আলোচনার জন্য এখন পর্যন্ত কোনো বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়নি। এদিকে, নতুন মৌসুমের প্রস্তুতিতে কোচ জোসে মরিনিয়ো দলকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর আগে প্রাক্মৌসুম প্রস্তুতির প্রথম ম্যাচে ইতালির ক্লাব ফিওরেন্টিনার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল রিয়াল মাদ্রিদ, যেখানে দলের হয়ে প্রথম গোলটি করেছিলেন তরুণ ব্রাজিলিয়ান এন্দ্রিক। আগামী শনিবার বুদাপেস্টে ফেরেঙ্কভারোসের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।





