প্রযুক্তি প্রতিষ্ঠান গিগাবাইট দেশের বাজারে গেমার এবং কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন গেমিং মনিটর 'জিও২৭কিউ২৪এ' নিয়ে এসেছে। ২৭ ইঞ্চির এই কিউডি-ওএলইডি মনিটরটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৬৩ হাজার টাকা। ডিভাইসটিতে কিউএইচডি (২,৫৬০×১,৪৪০) রেজল্যুশন, ২৪০ হার্টজ রিফ্রেশ রেট এবং ০.০৩ মিলিসেকেন্ড রেসপন্স টাইম রয়েছে।
মনিটরটিতে স্যামসাংয়ের তৈরি কিউডি-ওএলইডি প্যানেল ব্যবহার করা হয়েছে, যা ৯৯ শতাংশ ডিসিআই-পি৩ রঙের পরিসর সাপোর্ট করে। এটি ১.০৭ বিলিয়ন রঙ প্রদর্শনে সক্ষম, ফলে ব্যবহারকারীরা গভীর কনট্রাস্ট ও বাস্তবসম্মত ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাবেন। এছাড়া এতে এইচডিআর১০ সমর্থন এবং ১৫ লাখ:১ কনট্রাস্ট রেশিও রয়েছে।
প্রতিযোগিতামূলক গেমিংয়ের জন্য মনিটরটিতে এআই ব্ল্যাক ইকুয়ালাইজার, আল্ট্রা ক্লিয়ার মোশন, ওএলইডি ভিআরআর অ্যান্টি-ফ্লিকার এবং ট্যাকটিক্যাল সুইচ ২.০ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। সংযোগের সুবিধার জন্য এতে দুটি এইচডিএমআই ২.১ পোর্ট, একটি ডিসপ্লেপোর্ট ১.৪ এবং একটি হেডফোন জ্যাক রয়েছে, যা গেমিং পিসি, প্লেস্টেশন ৫ কিংবা এক্সবক্স সিরিজ এক্সের সাথে সংযুক্ত করা সম্ভব।
গিগাবাইট বাংলাদেশের কর্মকর্তারা জানান, মনিটরের স্ট্যান্ডটি সামনে-পেছনে কাত করা, ডানে-বামে ঘোরানো এবং ৯০ ডিগ্রি ঘুরিয়ে খাড়াভাবে ব্যবহার করা যায়। এছাড়া ভেসা (VESA) ১০০×১০০ মাউন্ট সুবিধা থাকায় এটি দেয়ালেও স্থাপন করা সম্ভব।
গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান জানান, মনিটরটি ই-স্পোর্টস গেমিং, গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও সম্পাদনার মতো কাজের জন্য বিশেষভাবে তৈরি। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড গিগাবাইটের অনুমোদিত পরিবেশক হিসেবে বাংলাদেশে এই মনিটরটি বাজারজাত করছে।
উল্লেখ্য, ২৪০ হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে প্রতি সেকেন্ডে স্ক্রিনের ছবি ২৪০ বার হালনাগাদ হয়, যা দ্রুতগতির গেমে মোশন ব্লার ও স্ক্রিন টিয়ারিং কমিয়ে দৃশ্যকে আরও মসৃণ ও প্রাণবন্ত করে তোলে।





