প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার বেলা আড়াইটায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ জানান।
দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপিএ সইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে সফরের আমন্ত্রণটি জানানো হলো। বৈঠকের শুরুতে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী সিইপিএ চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। ইয়ো হান-কু জানান, এই চুক্তি কার্যকর হলে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে এবং বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
বাণিজ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে, অনেক কোরিয়ান কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশে সফলভাবে ব্যবসা করছে এবং ভবিষ্যতে আরও অনেক কোম্পানি বিনিয়োগে আগ্রহী। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী কোরিয়ান কোম্পানিগুলোকে বাংলাদেশের খেলনা, ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর এবং জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া জাহাজ নির্মাণ শিল্পে অত্যন্ত দক্ষ এবং বাংলাদেশের রয়েছে সম্ভাবনাময় জনশক্তি। তিনি পরামর্শ দেন, দক্ষিণ কোরিয়া চাইলে বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে বাংলাদেশি কর্মীদের ভাষা ও কারিগরি শিক্ষা দিয়ে তাদের সে দেশের জাহাজ নির্মাণ শিল্পে কাজে লাগাতে পারে। এছাড়া কোরিয়ান কোম্পানিগুলো জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগ করতে চাইলে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন।
বৈঠকে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বাণিজ্যমন্ত্রীকে অবহিত করা হয়। পাশাপাশি কোরিয়ান কোম্পানিগুলোকে নিয়ে বাংলাদেশে একটি সেমিনার আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু আশাবাদ ব্যক্ত করেন যে, এসব প্রস্তাব দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ককে আরও দৃঢ় করবে।
বৈঠকে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।





