রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি: ইসি সচিব

প্রকাশ:

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ বা সময়সূচি এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। সোমবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। এ লক্ষ্যে সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চেয়ে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। তালিকা পাওয়ার পরই পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর অডিট রিপোর্ট সংক্রান্ত বিষয়ে সচিব জানান, দেশে বর্তমানে ৬০টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে, যার মধ্যে একটির নিবন্ধন স্থগিত আছে। বাকি ৫৯টি দলের মধ্যে ৩৮টি দল তাদের বার্ষিক আয়-ব্যয়ের অডিট রিপোর্ট জমা দিয়েছে।

আখতার আহমেদ আরও জানান, ১৩টি রাজনৈতিক দল অডিট রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য ইসির কাছে আবেদন করেছে, যাদের জন্য কমিশন সময় বাড়াবে। অতীতেও এমন নজির রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া আটটি দল সময় বাড়ানোর জন্য কোনো আবেদনই করেনি, যাদের ‘নন-রেসপনসিভ’ হিসেবে গণ্য করা হচ্ছে। যারা প্রতিবেদন জমা দেয়নি, তারা আইনের বরখেলাপ করেছে এবং বিষয়টি তাদের জানিয়ে দেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন