আবর্জনা মুক্ত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশ:

দেশকে পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখতে দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩ আগস্ট) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে, যা আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, পরিচ্ছন্ন পরিবেশের বিষয়টি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সাথে জড়িত। তিনি বলেন, ৩০ বা ৪০ বছর আগের তুলনায় বর্তমানে ঢাকা শহরসহ জেলা, উপজেলা ও গ্রামগঞ্জের রাস্তাঘাট এবং বাজার এলাকায় প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ও টিস্যুর মতো আবর্জনা যত্রতত্র ছড়িয়ে থাকার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

ময়লা ধ্বংস করার সঠিক পদ্ধতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ পায়ে হেঁটে বা বাসে চলাচল করেন। যত্রতত্র জমে থাকা ময়লা ও দুর্গন্ধের কারণে সাধারণ মানুষের অনেক কষ্ট হয়। তিনি পরামর্শ দেন, যদি আমরা সচেতন হয়ে ব্যবহৃত আবর্জনা নির্দিষ্ট স্থানে জমা করি এবং সঠিক উপায়ে ধ্বংস করি, তবেই পরিবেশ সুন্দর রাখা সম্ভব।

নিজের ঘরের পরিচ্ছন্নতার উদাহরণ টেনে তিনি বলেন, ঘরের চারপাশ আবর্জনায় ভরা থাকলে কারোই ভালো লাগতো না। কবিদের বর্ণনায় উঠে আসা সবুজ-শ্যামল ভুবনের মতো দেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদেরই। দেশের বিভিন্ন অঞ্চলে সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, পুকুর বা জলাশয়ের পাড়ে ময়লার স্তূপ পড়ে থাকতে দেখা যায়, অথচ একসময় এসব স্থানে মানুষ আড্ডা দিত।

প্রধানমন্ত্রী আরও বলেন, পরিচ্ছন্ন কর্মীরা পরিষ্কার করলেও মানুষ সচেতন না হলে তা দীর্ঘস্থায়ী হয় না। তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রত্যেকে আজ থেকে সচেতন হলে ধীরে ধীরে বাংলাদেশকে আবর্জনা মুক্ত করা সম্ভব। পরিশেষে দেশ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে তিনি বলেন, দেশটা আমাদের সবার, তাই সবাই মিলে চেষ্টা করলে বড় কিছু করা সম্ভব। প্রিয় দেশবাসীর কাছে তিনি এই সহযোগিতা চেয়েছেন।

শেয়ার করুন