বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, শেখ হাসিনার পতনের জন্য আওয়ামীপন্থী সাংবাদিক, বুদ্ধিজীবী ও শিল্পপতিরা দায়ী। রোববার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর ইউনিয়নের একটি ফুটবল টার্ফ মাঠে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, সাংবাদিকরা জাতির বিবেক এবং তাদের কোনো দলীয় পরিচয় থাকা উচিত নয়। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করাই তাদের প্রধান দায়িত্ব। তিনি আরও বলেন, বর্তমানে দেশ একটি নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে সাংবাদিক, বুদ্ধিজীবী ও ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের উচিত জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
গণমাধ্যমকে সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই দর্পণ যেন কখনো ম্লান না হয়, সেজন্য সাংবাদিকদের পেশাগত নৈতিকতা, ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি। এছাড়া মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন বাস্তবতায় সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়েছে এবং যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী খান এবং সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি আজাদ ভূঁইয়া। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য শামিমা বরকত লাকি ও শহীদুল ইসলাম কিরণ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অনেকে উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচের লক্ষ্য ছিল সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করা।
রোববার (২ আগস্ট) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর ইউনিয়নের একটি ফুটবল টার্ফ মাঠে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।





