বিএনপি বর্তমানে ফ্যাসিস্ট সরকারের ফটোকপিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রবিবার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে লেবার পার্টি আয়োজিত ‘জান দিব, জুলাই দিব না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির উদ্দেশে জামায়াত আমির প্রশ্ন তোলেন, যারা একসময় মজলুম ছিলেন, তারা এখন কেন জালিম হওয়ার পথে হাঁটছেন। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে বিএনপির যে ত্যাগ ছিল, দলটি এখন তা ভুলে গিয়ে নিজেরাও আওয়ামী লীগের মতো আচরণ শুরু করেছে। ফ্যাসিস্ট সরকারের স্বভাবই এখন বিএনপি ধারণ করছে বলে তিনি অভিযোগ করেন।
এ সময় তিনি নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে বিএনপির একজন অ্যাক্টিভিস্টকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার বিষয়টি উল্লেখ করে এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। ডা. শফিকুর রহমান আরও বলেন, জনগণের অভিপ্রায়কে যারা সম্মান করে না, শেষ পর্যন্ত তাদের দেশ ছেড়ে পালাতে হয়। হবিগঞ্জে কিশোর আলিফ হোসেনের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা তো চোখ শেষ করেছিলেনই, এখন আবার কেন তা শুরু করা হলো।
একই সভায় এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি জুলাই জাতীয় সনদ মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, কেউ এক পদে আজীবন থাকে না, তাই দলীয় প্রধানের পদে থাকার বাইরে অন্য সব সংস্কারে আপত্তি থাকার কারণ নেই।
এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রসঙ্গ টেনে সরকারকে ব্যর্থ বলে সমালোচনা করেন। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান সভাপতির বক্তব্যে ১৯৭১ এবং ২০২৪-এর চেতনা অভিন্ন উল্লেখ করে কাঙ্ক্ষিত পরিবর্তনের দাবি জানান। সভায় বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মূসা বিন ইযহার, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।





