দীর্ঘ কয়েক দশকের আন্দোলন ও সংগ্রামে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের অবদান রাষ্ট্র কখনো ভুলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি জানিয়েছেন, বর্তমান সরকার পর্যায়ক্রমে তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাবে এবং সহায়তার হাত বাড়িয়ে দেবে। তবে এই প্রক্রিয়ার বাস্তবায়নে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ আয়োজনে ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সালেহ শিবলী বলেন, অতীতে আন্দোলনের সময় নিরাপত্তা নিয়ে যে অনিশ্চয়তা ছিল, আজকের বাংলাদেশে সবাই নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে। একটি নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই সরকার কাজ করছে।
আন্দোলনে নিহত ও আহত সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের দ্রুত সুস্থতা ও রূহের মাগফিরাত কামনা করেন প্রেস সচিব। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করেছেন যে, দীর্ঘদিনের আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে। তবে এত বিশাল ত্যাগের মূল্যায়ন একদিনে সম্ভব নয়, রাষ্ট্র ধীরে ধীরে তা সম্পন্ন করবে।
বর্তমান সরকারের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে সালেহ শিবলী বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, অর্থনৈতিক চাপ এবং বিগত সরকারের রেখে যাওয়া নানা সংকট সামাল দিতে হচ্ছে, যার ফলে অনেক কাজ বাস্তবায়নে কিছুটা সময় লাগছে। বিগত ১৫ বছরের নির্যাতন-নিপীড়ন থেকে দেশকে বের করে আনতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর নেতৃত্বে শহীদদের স্বপ্নের নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিক ও আলোকচিত্রীসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিপিজেএর সভাপতি এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ সাংবাদিক, আলোকচিত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





