দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সতর্কতা

প্রকাশ:

দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৫ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, যেসব অঞ্চলের ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তার মধ্যে রয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে শনিবার রাতে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দেশজুড়ে মৃদু তাপপ্রবাহের বিষয়টিও উল্লেখ করেছে আবহাওয়া অফিস। রংপুর বিভাগসহ রাজশাহী, পাবনা, নওগাঁ, ঢাকা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, কক্সবাজার এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে দেশের কিছু কিছু এলাকায় এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সব মিলিয়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন