যুবকদের এআই প্রশিক্ষণে দক্ষ করে তুলতে দেশব্যাপী কার্যক্রম শুরু

প্রকাশ:

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে যুবসমাজকে দক্ষ করে তোলার মাধ্যমে তাদের প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে যুব উন্নয়ন অধিদফতরের ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২ আগস্ট) বগুড়ার মম ইন অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, প্রকল্প পরিচালক এবং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দুই হাজার প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক ও সমন্বয়কারীরা ভার্চ্যুয়ালি এই উদ্বোধনী আয়োজনে যুক্ত ছিলেন এবং অতিথিরা তাদের উৎসাহ দিয়ে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজকে প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে সরকার কাজ করছে। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়নে সরকারের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহায়ক হবে এবং তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম জানান, প্রকল্পটির অধীনে প্রশিক্ষণার্থীরা আধুনিক এআই টুল ব্যবহারের সুযোগ পাবেন, যাতে তারা দেশীয় ও আন্তর্জাতিক কর্মবাজারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের এআই প্রযুক্তিতে দক্ষ করে তোলা, যা প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।

প্রকল্পের প্রথম পর্যায়ে দেশের ৬৪ জেলা থেকে ২৫ জন করে মোট এক হাজার ৬০০ জন প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়েছে। মোট ৪৪৮টি ব্যাচে এই কার্যক্রম চলবে, যেখানে প্রতি ব্যাচে ২৫ জন অংশ নেবেন। প্রতিটি কোর্সের মেয়াদ দুই মাস এবং মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণে ৫০টি ক্লাস অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদফতরের চলমান ফ্রিল্যান্সিং প্রকল্পের আওতায় বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ আয়কারী আটজনকে ল্যাপটপ প্রদান করা হয় এবং রাজশাহী বিভাগের ২৪ জন ফ্রিল্যান্সারকে সম্মাননা স্মারক দেয়া হয়।

শেয়ার করুন